মালদা

অজানা জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যু হল সাত মাসের অন্তঃস্বত্বা গৃহবধূর

অজানা জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যু হল সাত মাসের অন্তঃস্বত্বা বুধনি পাহাড়ী (২০) নামে এক গৃহবধূর। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভও করে জেলা কংগ্রেস। বেসরকারীভাবে জানা গেছে গত সাতদিনে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ১৪জনের মৃত্যু হয়েছে। সরকারীভাবে মৃত্যুর খবর মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ স্বীকার না করলেও অজানা জ্বরে আক্রান্ত হয়ে কয়েক হাজার রুগী ভর্তি রয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এমন পরিস্থিতিতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেই প্রিন্সিপাল, নেই সহ প্রিন্সিপাল। শুধু তাই নয় নেই কোন সিনিয়র চিকিৎসকও। রুগীদের  চিকিৎসা সামলাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। 

        হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০জন অজানা জ্বরে আক্রান্ত হয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হচ্ছে। কালিয়াচক, মানিকচক, গাজোল, রতুয়া, ইংরেজবাজার সহ প্রায় সব ব্লকের বাসিন্দারা আক্রান্ত এই অজানা জ্বরে। রুগীর পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা হচ্ছে না। 

        ইংরেজবাজার পুরসভার বিরোধী কাউন্সিলার তথা জেলা কংগ্রেসের নেতা নরেন্দ্র নাথ তেওয়ারী জানান, জেলার স্বাস্থ্য আধিকারিক সহ পুর কর্তৃপক্ষ এমন পরিস্থিতির পরও হুঁশ নেই। ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সাধারন মানুষের যা পরিষেবা পাওয়ার কথা তা পাচ্ছে না। সমস্ত জায়গায় চলছে রাজনীতি।